প্রশ্ন করুন//প্রশ্ন করা আপনার অধিকার
প্রশ্ন করার অধিকার মৌলিক অধিকার। এই অধিকার সকলের আছে। যদিও প্রশ্ন করা পছন্দ করেনা রাজনৈতিক দলের নেতারা। প্রশ্ন করলে নিজের পছন্দের দলের নেতারাও রেগে যায়। এমনকি একই পার্টির কর্মী হলেও খর্গহস্ত হন নেতারা। কিন্তু এই অধিকার রক্ষার লড়াই করতে হবে। গণতন্ত্র বাঁচাতে প্রশ্ন করতে হয় সাহস করে।
এখন এই প্রশ্ন কাকে করবেন?
প্রথমত: প্রশ্ন করুন নিজেকে।
দ্বিতীয়ত: প্রশ্ন করুন সমাজকে।
তৃতীয়ত: প্রশ্ন করুন দলের মধ্যে ও দলের বাইরে।
একটু খুলেই বলি। ধরুন গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে, কোন পার্টির প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করি। কিন্তু ভেবে দেখেছেন কি আপনার স্বার্থ ,দেশের স্বার্থ বিগত ৫ বছরে কতটা সে রক্ষা করল ? আপনার বিবেক যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম প্রশ্ন করুন নিজেকে। আপনার প্রশ্নের উত্তর আপনার বিবেক দেবে। সেই বিবেকতাড়িত হয়ে ভোট দিন। এতেই মঙ্গল হবে দেশের।
নির্বাচনের আগে রাজনৈতিক দলের নেতাদের আপনি প্রশ্ন করুন। উত্তর সে দিতে বাধ্য। কারন তাঁরা আপনার কাছে ভোট ভিক্ষা করতে এসেছেন।এই প্রশ্ন করার অধিকার আপনার আছে। আর দল আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। যদি না উত্তর দেয়, তাহলে দেখবেন সে তৎক্ষণাৎ পলায়ন করবে কাপুরুষের মত।
আপনি যে দলকে ভোট দেবেন তাঁদের ইশতেহার পর্যালোচনা করুন। যদি ইশতেহার না থাকে সেই দলের তাহলে জানবেন ওই দল নির্দিষ্ট লক্ষ্য আপনাকে জানাতে চায় না। গোপন রাখতে চায়। সেক্ষেত্রে কেন তাঁকে নির্বাচিত করার কথা ভাববেন?
সমাজ সংস্কারে, জমি, জঙ্গল, নদী, গবাদি পশু, লুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণের বিষয়গুলি দল কি ভাবছে সে সব পর্যালোচনা করুন। কারন প্রকৃতি যে ভাবে ধ্বংসের পথে যাচ্ছে তাতে সভ্যতা সংকটে। যে দল এসব নিয়ে ভাবে না কেন সেই দলের পক্ষে নির্বাচনে অংশ নিচ্ছেন?
ভোট দিন কিন্তু ভেবে দিন।
কারন আপনার নির্বাচনে ভোট দেওয়ার ফলে ভুল প্রার্থী নির্বাচিত হলে দেশের ক্ষতি। ভুল প্রার্থীরা দলত্যাগী হয় ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে। এরা আজ এক দলে তো কাল অন্য দলে যায়। এরাই চুরি করে, মাফিয়ারাজে যুক্ত হয়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়। তাই ভাবুন।
আমি বলি, প্রশ্ন করুন নিজেকে ও রাজনৈতিক দলের নেতাদের । আর নির্বাচিত করুন তাঁকেই , যিনি আপনার কথা বলবেন সংসদে।
ভাবুন । প্রশ্ন করতে শিখুন নিজেকে এবং অন্যকে। উত্তর বিশ্লেষণ করুন । নিজের রায় দান করুন।
এ ভারতকে আগামী শিশুর বাসযোগ্য করে না গেলে আপনিও সমান অপরাধী হবেন আপনার সন্তানের কাছে।
Comments