উড়তে উড়তে উড়োজাহাজে
উড়তে উড়তে উড়োজাহাজে প্রাণকৃষ্ণ মিশ্র উড়োজাহাজে চড়ে আকাশে উড়ব এ আমি স্বপ্নেও কোনদিন ভাবিনি। কারন উড়োজাহাজে চড়ে ভ্রমন আমার বিলাসিতা মনে হয়। দেশের বিভিন্ন জায়গায় ভ্রমনের উদ্দেশ্যে যেখানেই গেছি ট্রেন ,বাস এই দুই মাধ্যমকেই ব্যবহার করেছি। আমার পূর্বপুরুষরাও আজ পর্যন্ত কোনদিন উড়োজাহাজে চাপেননি। কারন তাঁদেরও উড়োজাহাজে চড়ার প্রয়োজন পড়েনি। সত্যি কথা বলতে কি ট্রেনে বাসে বা ব্যক্তিগত গাড়ি ভাড়া করে ভ্রমনেই আমি চিরকাল অভ্যস্ত। ট্রেনে বা বাসে চেপে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো ও ভ্রমনের অঙ্গ, আলাদা মজা। শৈশবে গ্রামে থাকতাম। মনে পরে শৈশবে ডাবগাছের বা তালগাছের পাতার উপর বসে আমরা গাড়ি গাড়ি খেলতাম। সে গাড়িতে কখনো আমি যাত্রী হতাম তো আমারই কোন বন্ধু গাড়ির চালক হতো। এক হাতে করে সেই গাছের পাতাটিকে ধরে মোরামের রাস্তা দিয়ে উর্ধশ্বাসে ছুটতে হতো। যে বসে থাকতো তার আরাম হতো ঠিকই, কিন্তু যে পাতাটিকে ধরে ছুটত তার প্যান্ট হলুদ হতো। আমি বরাবরই রোগাসোগা ছিলাম। তাই আমি যখন টানতাম তখন এক হাতে প্যান্ট ধরে অন্য হাত দিয়ে গাছের ডালটিকে ধরে ছুটতাম। কারন অনেকবার এমন হয়েছে কিছুটা দৌড়া...