দেবভূমি হরিদ্বার (পার্ট-২)

পুরাণে উল্লিখিত মায়াপুরী আজকের পবিত্র হিন্দুতীর্থ হরিদ্বার। সপ্তপুরীর অন্যতম এই হরিদ্বারের পূর্বের নাম ছিল কপিলাস্থান। হর ও হরির সহাবস্থান ঘটেছে উত্তরাঞ্চল রাজ্যের সাহারানপুর জেলায় শিবালিক পাহাড়ের পাদদেশে প্রায় ২৯২ মিটার উঁচুতে। আর হরির দ্বার নাম থেকেই আজ হরিদ্বার। আবার সারা গাড়োয়াল হিমালয়ে হর অর্থাৎ মহাদেবের মহিমার অন্ত নেই। সে কারণে হরিদ্বারকে আজ অনেকে হর-কি-দুয়ারও বলেন। পূর্ব দিকে চন্ডী পাহাড়, পশ্চিমে মনসা পাহাড়। এরই মাঝে হরি-কি-পাউরিকে কেন্দ্র করে শহরও গড়ে উঠেছে গঙ্গার পশ্চিমে দেবভূমি হরিদ্বার।
গঙ্গা হল এখানকার মূল আকর্ষণ। পাহাড় থেকে হরিদ্বারের হরি-কি-পাউরি ঘাটে গঙ্গা নামছে সমতলে। এখানে মূল গঙ্গার প্রবাহেরও বদল হয়েছে। শহরের উত্তরে ভীমগোদায় বাঁধ দিয়ে কৃত্তিমস্রোত তৈরি হয়েছে। এখানেই গঙ্গা মাতার মন্দির। এছাড়াও শতসহস্র দেবদেবীর মন্দির।
ধর্মশালা থেকে সন্ধ্যা ৮ টায়  বেরিয়ে সোজা খাবারের হোটেলে। আর আমার পছন্দের হোটেল এখানে দাদা বৌদির হোটেল। জানিনা কে এই দাদা-বৌদি। তবে এখানে নিরামিষ ভোজন সত্যিই মুখে লেগে থাকে। এখানে ১৪টি দোকান আছে যাদের নাম ‘দাদা-বৌদির হোটেল’। সবকটাতেই শুদ্ধ নিরামিষ বাঙালি খাবার পাওয়া যায়। মালিকও বাঙালি, খদ্দেরও বাঙালি, তাই ঢুকলেই আপনার মনে হবে আমি বাঙলাতেই আছি। সবার সামনেই লম্বা লাইন পড়ে দুপুরবেলা। মেনু মোটামুটি একই রকম। দেরাদুন চালের ভাত, ঘি, বেগুন বা আলু ভাজা, ডাল, কপি বা অন্য সবজির দুটো তরকারি, চাটনি, পাঁপড়। ঢুকলেই শুনতে পাবেন, এখানে আরেকটু তরকারি হোগা? কিংবা পাঁপড় তো নরম হো গয়া, ভাজা নেহি হ্যায় ঠিক করে। অনভ্যাসের হিন্দি আর কি!
মথুরাবালার মিষ্টির দোকান আছে, যেখানে হরিদ্বারের বিখ্যাত প্যাড়া পাওয়া যায়। খাঁটি দুধ আর রাবড়ির জন্যে আছে ত্যাগীর দোকান। সবকটাই হর কি পৌরির পথে বাজারের গলিতে। হরিদ্বারের এই বাজার বেশ জমকালো, এমনকি ফুটপাথের দোকানগুলিও। কি না পাওয়া যায়। শীতবস্ত্র ,কম্বল ,শাল, দেরদুন রাইস থেকে শুরু করে রুদ্রাক্ষ। পাবেন বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য থেকে লাঠি, ঝাঁটা। সেই কারণে হরিদ্বার এলে বাঙালির মন চায় গোটা বাজারটিকেই তুলে নিয়ে যেতে।
এখানে ভীষন সস্তায় পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ভেষজ ঔষধ।
এক কথায় ধর্মপ্রাণ বা ধর্ম নিরপেক্ষ বাঙালির তিন চারদিনের ছুটি কাটানোর ভালো জায়গা এই হরিদ্বার। পরিবেশ এখনও অনেকটাই দূষণমুক্ত। যোগাযোগ ব্যবস্থা ভালো। দিল্লির খুব  কাছেই । আবার উত্তরাখন্ড রাজ্যের প্রাণকেন্দ্র এই শহর। এই শহরটিকে উত্তরাখণ্ডের দুয়ারও বলা যায়।
                     সমাপ্ত

Comments

Popular posts from this blog

বর্ধমান জেলার অনেক মানুষের সাথে বিদ্যাসাগর মহাশয়ের ছিল নিবিড় যোগাযোগ

সাগরপাড়ের রানী ভাইজ্যাক

ডোডোর কেরামতি