সুচরিতা
প্রিয় সুচরিতা,
কেমন আছো তুমি?
অনেক দিন হলো চলে গেছো।
তোমার সেই খোলামেলা হাসি
আজও অনুভব করি
আমার হৃদয়ে মননে।
জানো আমাদের পাড়ায়
এবাড়ি ওবাড়ি যাওয়া আসা
আজ আর নেই গো
সবই কেমন যেন ফাঁকা ফাঁকা।
ঝুপ করে সন্ধ্যা আজ আর নামেনা পাড়ায়
সন্ধ্যা হলেও আমাদের পাড়া
এখন ঝকঝকে দিনের মতই উজ্জ্বল।
তবুও কেউ আর কারুর বাড়ি যায় না।
খোঁজ নেয়না শেফালী দি কেমন আছো?
আজ কি রান্না করলে?
তোমার হাতের শুক্তো কতদিন খাইনি।
লাউ শাকের বাটি চচ্চরি
সজনে ফুলের ঝাল
কেউ আর কাউকে দেয় না ।
তোমার মেয়েটিও হয়েছে অনেকটা তোমারই মত
সকলের সাথে দেখি মেলামেশা করে
তবু সেও যেন
সময়ের সাথে কেমন নিজেকে বদলিয়েছে।
বদলানোটাই নাকি নিয়ম।
কীট পতঙ্গ, জীব জগতের সকলেই নাকি শুনেছি
পরিস্থিতির সাথে নিজেকে বদলিয়ে নেয়।
কিন্তু আমি পারলাম না।
হয়ত তুমি থাকলে ,তুমিও বদলাতে না।
আমরা আধুনিক ছেলেমেয়েদের চোখে
বড়ই বেমানান।
আমার মেয়ে কাল কি বলেছে জানো?
বলে, মা তুমি বড্ড বেকডেটেড।
১৫ ই মার্চ,২০২০ সকাল ৬ টা
#প্রাণকৃষ্ণ মিশ্র
Comments